
X
সংগৃহীত ছবি
আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বর্ষবরণ উৎসব। নববর্ষ উপলক্ষে রাজধানী যেমন সেজেছে, তেমনই এ শহরের মানুষগুলোও সেজে উঠেছেন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ উৎসবে শামিল হয়েছেন। পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন চিরায়িত বাংলার এই উৎসবের আনন্দ। দিনব্যাপী আড্ডায় মেতেছিলেন শোবিজের বিভিন্ন তারকারা। আর সেসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের ঐতিহ্য তুলে ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প; আমাদের পহেলা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। প্রতি বছরের একটি আবশ্যিক রীতি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নিজেকে রাঙিয়েছিলেন উৎসবের রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আলোকচিত্রে তাকে দেখা গেছে লাল-সাদা শাড়ির স্নিগ্ধতায়। বাহারি রঙের ঘুড়ির ব্যাকগ্রাউন্ডে পোজ দেওয়া সেই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বৈশাখ’।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ ছবি শেয়ার করে। হালকা গোলাপি আভাযুক্ত শাড়ি আর গাঢ় রঙের ব্লাউজে তার ঐতিহ্যবাহী সাজ নজর কেড়েছে সবার। ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সাথে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
পিছিয়ে নেই অপু বিশ্বাসও। নববর্ষের সকালে নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে মেলে ধরেছেন এই অভিনেত্রী। সাদা শাড়িতে নীল ও লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়ায় যেন ফুটে উঠেছে বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অপু লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
পয়লা বৈশাখ পরিবারের পাশাপাশি সহকর্মী, বন্ধুদের সঙ্গেও কাটিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার সেরা বন্ধু তারই কন্যা। মা-মেয়ে দুজনেই আজ শাড়িতে সাজেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, ‘শুভ নববর্ষ!’
শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘বৈশাখী শুভেচ্ছা।’
বৈশাখী আড্ডায় সামিরা খান মাহি ও মুশফিক আর ফারহান। নাদিয়ার হাতে বৈশাখী ফেস্টুন।
এ ছাড়া বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে এক ঝাঁক শিল্পীকে। এদের মধ্যে রয়েছেন- আনিকা কবির শখ, পূজা চেরি, জান্নাতুল ফেরদৌস ঐশী, কেয়া পায়েল, প্রার্থানা ফারদিন দিঘী, নাবিলা ইসলাম, তাহমিনা সুলতানা মৌ, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, শবনম ফারিয়াসহ আরও অনেককেই।