বলিউড ও দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার শাহরুখ খান এবং আল্লু অর্জুন প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যেতে পারে এমন ইঙ্গিত ঘিরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পরিচালক অ্যাটলি-এর নতুন প্রজেক্ট ‘রাকা’ নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা।
অল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত হয় তার নতুন সিনেমা ‘রাকা’র প্রথম লুক। সেই পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটিকে ঘিরে বাড়তে থাকে দর্শক আগ্রহ। এবার নতুন গুঞ্জন হলো এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। যদি বিষয়টি সত্যি হয়, তবে এটি হবে ভারতীয় সিনেমায় এক ঐতিহাসিক সংযোজন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ‘রাকা’তে আল্লু অর্জুনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন। এর সঙ্গে সম্ভাব্য ক্যামিও হিসেবে শাহরুখ খানের নাম সামনে আসায় উত্তেজনা আরও বেড়েছে।
শাহরুখ খান ও অ্যাটলির মধ্যে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে, বিশেষ করে ‘জওয়ান’ সিনেমার পর এই বন্ধন আরও দৃঢ় হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের কারণেই ‘রাকা’ প্রজেক্টে তার যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, অতীতে শোনা গিয়েছিল ‘জওয়ান’ ছবিতে আল্লু অর্জুনের ক্যামিও থাকার কথা ছিল, তবে ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। এবার ‘রাকা’র মাধ্যমে দুই তারকার একসঙ্গে পর্দায় আসার সম্ভাবনা সেই আক্ষেপ কিছুটা পূরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।
‘রাকা’র প্রথম পোস্টারে আল্লু অর্জুনকে এক রহস্যময় ও ভয়ংকর লুকে দেখা গেছে, যেখানে তার মুখ আংশিকভাবে ঢাকা এবং হাতে নখ ও লোমশ আভা যা সিনেমাটির অ্যাকশন ও মাস এন্টারটেইনমেন্ট ধাঁচের ইঙ্গিত দিচ্ছে।
শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট ৭০০ কোটি টাকারও বেশি এবং এটি প্রযোজনা করছে সান পিকচার্স। ছবিতে আরও থাকতে পারেন রশ্মিকা মন্দানা, ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুর।
পরিকল্পনা অনুযায়ী, মুম্বাইয়ের স্টুডিওতে শিগগিরই ছবির পরবর্তী শুটিং শুরু হবে এবং ২০২৬ সালের শেষ নাগাদ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।