ছক ভাঙার মিশনে সাবিলা নূর

বিনোদন রিপোর্ট

বিনোদন

ক্যারিয়ারের এক দশক পেরিয়ে গেছেন সাবিলা নূর। সময়ের এই দীর্ঘ পথচলায় তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবে টিকে থাকেননি,

2026-04-19T12:08:35+00:00
2026-04-19T12:08:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছক ভাঙার মিশনে সাবিলা নূর
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের এক দশক পেরিয়ে গেছেন সাবিলা নূর। সময়ের এই দীর্ঘ পথচলায় তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবে টিকে থাকেননি, বরং নিজেকে ক্রমাগত ভেঙেছেন, গড়েছেন, নতুনভাবে আবিষ্কার করেছেন। এই এক দশক যেন তার কাছে এক অবিরাম অনুশীলনের মাঠ; যেখানে প্রতিটি চরিত্র ছিল নতুন চ্যালেঞ্জ, প্রতিটি কাজ ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক নিরলস চেষ্টা। পাশের বাসার মেয়ে, বেকার প্রেমিকের কোমল প্রেমিকা কিংবা কর্মজীবী নারীর-এসব চরিত্র থেকে বের হয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করেছেন তিনি।

নাটকের পাশাপাশি ওটিটির দুনিয়াতেও তার পদচারণা ছিল আত্মবিশ্বাসী। একের পর এক কাজ দিয়ে প্রমাণ করেছেন-সাবিলা শুধু জনপ্রিয় নন, প্রয়োজনীয়ও। ছক ভাঙতে ভাঙতে নির্মাতাদের কাছে সাবিলা হয়ে ওঠেন ভার্সেটাইল অভিনেত্রী। নির্মাতাদের ভাষ্য ছিল, সাবিলাকে যে চরিত্রই দেওয়া হয়, তাতেই অনায়াসে মানিয়ে নিতে পারেন। 

পরিচালক হচ্ছেন নাটক বা সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ। সেই ক্যাপ্টেনরা যদি অভিনেত্রীকে এমন মন্তব্য দেন তাহলে তার ক্যারিয়ারে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায় সেটি। এই প্রাপ্তি নিয়ে ছোটপর্দাকে অনেকটা টাটা বাই বাই বলেন সাবিলা। যদিও অফিসিয়ালি কখনোই জানাননি আর নাটকে তাকে দেখা যাবে না। তবে তাকে আপাতত দেখা যাচ্ছে না। কারণ ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সাবিলা নূর এখন বড়পর্দার বাসিন্দা।

নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের পর তার স্বপ্ন ছিল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে কাজ করা এবং সেখানেই নিয়মিত হওয়ার। সাবিলার সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয় প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। প্রথম সিনেমাতেই নিজের কারিশমা দেখান তিনি। সিনেমাটির ‘লিচু বাগান’ গানটি তো মানুষের মুখে মুখে ফেরে। সাবিলা হয়ে ওঠেন ফুল ফর্মে বাণিজ্যিক সিনেমার নায়িকা। 

বাংলা চলচ্চিত্রে নতুন প্রজন্মের অভিনেত্রীদের ভিড়ে নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিচ্ছেন সাবিলা নূর। ছোটপর্দার পরিচিত মুখ থেকে ধীরে ধীরে বড়পর্দায় পা রাখা এই অভিনেত্রী এবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রা হয়ে। তার ভাষায়, ‘চিত্রা হয়ে উঠতে আমি সব রকমের চেষ্টা করে গেছি’- এই একটি বাক্যই যেন তার সর্বাত্মক পরিশ্রমের যাত্রার ইঙ্গিত দেয়। ঈদুল ফিতরের উৎসবমুখর আবহে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ এখনও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় টানছে। রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে হাউসফুল শো যেন প্রমাণ করছে সিনেমাটির সফল যাত্রাকে। এই যাত্রারই এক গুরুত্বপূর্ণ সঙ্গী সাবিলা নূর। 

সিনেমাটি মুক্তির পর অভিনেত্রী নিজেই ছুটে গেছেন প্রেক্ষাগৃহে। বসুন্ধরা থেকে মহাখালী–দর্শকের প্রতিক্রিয়া কাছ থেকে দেখার এই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক অন্যরকম তৃপ্তি। বিরতির আগে দর্শকের মুখে হাসি, আর পরের অংশে আবেগে ভেসে যাওয়া- এই পরিবর্তন তিনি নিজ চোখে দেখেছেন। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? পর্দার চরিত্র যখন বাস্তবের মানুষের অনুভূতিতে জায়গা করে নেয়, তখনই তো অভিনয় সফল হয়। সাবিলা সেই সাফল্যের স্বাদ পেয়েছেন, পাচ্ছেন পুরোপুরি।

অদ্ভুত এক দিক আছে সাবিলা নূরের। তিনি নিজের সাফল্যে খুব বেশি থিতু হয়ে থাকেন না। বরং প্রতিটি কাজের পরই নতুন করে নিজেকে যাচাই করেন। সিনেমাটি তিনি একাধিকবার দেখেছেন, তবে প্রতিবারই যেন নতুন করে আবিষ্কার করেছেন গল্পটিকে। নিজের অভিনয়ের খুঁত ধরার চেয়ে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন দর্শকের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াকে। তবুও তার মধ্যে এক ধরনের শিল্পীসুলভ অস্থিরতা কাজ করে। সাবিলার ভাষ্য, ‘ভালো করার তো শেষ নেই।’ এই উপলব্ধিই তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। 

তিনি মনে করেন, আরও বেশি চেষ্টা করলে হয়তো আরও ভালো করা যেত। এই আত্মসমালোচনার জায়গাটিই একজন অভিনেতাকে দীর্ঘ পথ চলার শক্তি দেয়। সাবিলা সেই দূরের পথ সফলভাবে অতিক্রম করতেই যেনো ছুটছেন। বনলতা এক্সপ্রেস-এর সাফল্যের ঘোর নিয়েই রকস্টার সিনেমার শুটিং করছেন সাবিলা নূর। যে নায়কের সঙ্গে সিনেমায় অভিষিক্ত হয়েছেন সেই শীর্ষ তারকা শাকিব খান থাকছেন। মালয়েশিয়া হয়ে সিনেমাটির শুটিং এখন চলছে ঢাকায়। সে শুটিংয়ে অংশ নিয়েছেন সাবিলা। 

সিনেমাটি নিয়ে সাবিলা জানান কিছুই বলার নেই তার। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু বলার আগ পর্যন্ত মুখ বন্ধ তার। ফলে রকস্টারে সাবিলার চরিত্রটি সম্পর্কে তেমন জানা যায়নি। বনলতা এক্সপ্রেসে যে চরিত্রে সাবিলাকে দেখেছেন দর্শকরা পরের যাত্রায় তার ছিটেফোঁটাও মিল নেই। এই সিনেমায় তাকে দেখা যাবে রকস্টারের প্রেমিকা হিসেবে। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। ঈদুল ফিতরে বনলতা এক্সপ্রেসের চিত্রা হয়ে সাফল্যের পর রকস্টার যাত্রায় কতটা সাফল্য আসে তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। 

সাবিলা নূরের বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসতেন। পড়াশোনার পাশাপাশি নাচ, অভিনয় ও উপস্থাপনায় আগ্রহ ছিল প্রবল। ২০১৪ সালে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয় সাবিলার। এরপর থেকেই শুরু শোবিজ অঙ্গনে উজ্জ্বল যাত্রা। ‘ইউ টার্ন’, ‘ভালোবাসা ১০১’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বেডরুম ৩০২’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তাঁর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। শুধু অভিনয়েই নয়, উপস্থাপনার জগতেও সাবিলা নিজেকে প্রমাণ করেছেন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy