প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ১০৮)

X
অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম
বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সানজিদা কবির আনিতাকে বাসায় ডেকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (৭ মে) বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী টোল ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ঝালকাঠি সদরের কাঠপট্টি এলাকার গোলাম মোর্শেদ জিলানী ওরফে মিল্টন আকনের ছেলে মাইনুল ইসলাম হিমু তার মায়ের সাথে বরিশাল নগরীর বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুল এলাকার রাফী মঞ্জিলে বসবাস করতেন। বিএম কলেজ বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা কবির আনিতার সাথে মাইনুল ইসলামের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সানজিদা তার বাসা থেকে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে ফেরত না আসলে পরিবার তার মোবাইলে ফোন দিয়ে সেটি বন্ধ পায়। পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারে সানজিদা মাইনুলের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন সানজিদার পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করে। রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় মাইনুলের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর সানজিদার নিথর দেহ জখম অবস্থায় দেখতে পায়।
এই ঘটনায় সানজিদার বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর অভিযুক্ত হিমু অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
চাুঞ্চল্যকর এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। অবশেষে বৃহস্পতিবার (৭ মে) বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী টোল ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ৮। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ৮।