প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৩২ পিএম (ভিজিট : ১৪০)

X
কেন্দুয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বিশেষ পৃথক দুটি অভিযানে এ মাদক ব্যবসায়ীদের আটকের খবর তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৮ মে) দিবাগত রাতে ২০ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর (দক্ষিণপাড়া) গ্রামের আব্দুস ছাত্তার ভূঞার ছেলে। পাইকুড়া বাজারে তার ‘লুৎফুর ইলেকট্রনিকস’ দোকানের সামনে থেকে তাকে আটক করে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিঞার নেতৃত্বাধীন পুলিশ দল।
অন্যদিকে একই রাতে পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ আরো জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।