চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফোরক মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার কেরানীহাট গরুর বাজার সংলগ্ন ঢেমশা মৌজার ২ নম্বর বিএস খতিয়ানভুক্ত জায়গাটি মূলত বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন। ফোরক মিয়া সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত স্থাপনা নির্মাণ করছেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের জায়গা এভাবে দখল হয়ে গেলে ভবিষ্যতে প্রশস্তকরণসহ উন্নয়নমূলক কাজে বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ফোরক মিয়া জানান, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ২০২০ সালে সরকার জমিটি বিএস রেকর্ড করে নিয়েছে। কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী আমরাই এই জমির প্রকৃত মালিক। এ বিষয়ে জেলা প্রশাসকের এলএ (ভূমি অধিগ্রহণ) শাখায় আমাদের একটি অভিযোগ বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্ট বিভাগ ভুলবশত আমাদের পৈতৃক সম্পত্তি বিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করেছে।
সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (অ.দা.) মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, মহাসড়কের জন্য নির্ধারিত জায়গায় কোনো ধরনের ব্যক্তিগত স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিএস রেকর্ড অনুযায়ী এটি সরকারি সম্পত্তি। ইতোমধ্যে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মহাসড়কের জায়গা দখলের বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।