প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১২ পিএম (ভিজিট : ৪৮)

X
সৈয়দপুরে প্রচন্ড ঝড়ে পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে প্রচন্ড ঝড়ে পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ঝড়ে গ্রামের কাঁচা ঘর-বাড়িসহ গাছপালা ও গাছের ডাল ভেঙ্গে গেছে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, ঝড় ও অতি বর্ষণে সৈয়দপুর শহরের জসিম বাজারের একটি বাসার সীমানা প্রাচীর ধ্বসে পড়ে ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নৈশপ্রহরী ময়েন উদ্দিন (৬০) ও নির্মাণাধীন ভবনের মালিক স্বর্ণকার বদরুল আলমের পুত্র ফাহিম হোসেন (২৫) সহ দুইজন আহত হয়েছেন। এরমধ্যে নৈশ্যপ্রহরী ময়েন উদ্দিন গুরুতর আহত হওয়ায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, ভবন নির্মাণকাজ চলায় দেওয়ালের পাশে একটি চালার ভেতরে আহতরা অবস্থান করছিল।
অপরদিকে, ঝড়ের সময় শহরের মুন্সিপাড়া মেথর পট্টিতে একটি বড় বটগাছ উপড়ে ৩টি বাসার পাশে উপর পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি মূল্যবান জীবন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এছাড়া গ্রাম এলাকার কাঁচা ঘর-বাড়িসহ বোরো ধান ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে ক’জন কৃষক জানান।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণের কোনো তথ্য কেউ জানাননি।