জানা গেল নজরুলগীতি গেয়ে ভাইরাল সেই ‘লাইলি খালা’র পরিচয়

ফরিদপুর প্রতিনিধি

বিনোদন

শহরের পথে পথে হাঁটেন তিনি। কখনও হাটে, কখনও বাজারে, আবার কখনও মানুষের ভিড়ের মাঝখানে নিঃশব্দে বসে থাকেন। ফরিদপুর

2026-05-25T20:38:04+00:00
2026-05-25T20:38:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল নজরুলগীতি গেয়ে ভাইরাল সেই ‘লাইলি খালা’র পরিচয়
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৬২)
ফরিদপুর শহরের লাইলি খালা
X

ফরিদপুর শহরের লাইলি খালা

শহরের পথে পথে হাঁটেন তিনি। কখনও হাটে, কখনও বাজারে, আবার কখনও মানুষের ভিড়ের মাঝখানে নিঃশব্দে বসে থাকেন। ফরিদপুর শহরের পরিচিত মুখ এই নারীকে সবাই চেনে ‘লাইলি খালা’ নামে। ভবঘুরে জীবন বেছে নেওয়া এই নারী এবার গান গেয়ে মুগ্ধ করেছেন নেটিজেনদেরও।

নজরুল জয়ন্তী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ করেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন লাইলি খালা। জীর্ণ শাড়ি পরা সেই নারী যখন নজরুলের ‘নয়নভরা জল গো তোমার...’ গানটি গাইতে শুরু করেন, মুহূর্তেই নীরব হয়ে যায় পুরো আয়োজন। 

তার কণ্ঠ, গায়কি আর আবেগ ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুগ্ধতা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়ও।

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন জানান, লাইলি খালা বহু বছর ধরেই শহরের পরিচিত একজন মানুষ। সংসার ছেড়ে অনেক আগেই তিনি বেরিয়ে পড়েন পথে। এক ছেলে ও এক মেয়ের মা হলেও সংসারে আর ফেরেননি। সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর লাইলি খালার জীবন জড়িয়ে গেছে পথ আর মানুষের সঙ্গে।

স্থানীয়দের মুখে প্রচলিত আছে, কোনও ভিসা-পাসপোর্ট ছাড়াই তিনি কখনও কখনও পায়ে হেঁটে আজমীর শরীফ পর্যন্ত চলে যান।

মফিজ ইমাম মিলনের সঙ্গে তার পরিচয় হয় দুই হাজার সালের দিকে, যখন তিনি জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বে ছিলেন। তখন প্রায়ই শিল্পকলায় এসে চুপচাপ বসে থাকতেন লাইলি। সেখানেই তার গানের প্রতিভা নজরে আসে সবার। পরে ওস্তাদদের সহযোগিতায় খুব অল্প সময়েই হারমোনিয়াম বাজানোও শিখে ফেলেন তিনি।

মিলন বলেন, আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান কেন? তখন তিনি বলেছিলেন, ‘আমি মানুষ দেখি। পৃথিবীতে কত রকমের মানুষ, কারও সঙ্গে কারও মিল নাই। মানুষ দেখতে আমার ভালো লাগে।’

তিনি আরও জানান, লাইলি খালা নূরজাহান, লতা মঙ্গেশকর কিংবা মেহেদী হাসানের গান এমন আবেগ দিয়ে গাইতে পারেন, যা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যায়।

শুধু সাধারণ মানুষই নন, ফরিদপুরের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও এখন নিয়মিত ডাক পান তিনি। গত ২ এপ্রিল ‘ফরিদপুর হেরিটেজ’ অনুষ্ঠানে অতিথিদের সামনে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন লাইলি খালা। এবার নজরুল জয়ন্তীর আয়োজনেও তার গান মুগ্ধ করেছে সবাইকে।

উপমহাদেশের রাজনীতির ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত ফরিদপুরের ময়েজ মঞ্জিলে আয়োজিত ওই অনুষ্ঠানে নজরুলের দুটি গান পরিবেশন করেন তিনি। পরে তার গানের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কমেন্টবক্সে অনেকে লিখেছেন, ‘লাইলি খালার কণ্ঠ অসাধারণ, সুযোগ পেলে তিনি অনেক দূর যেতে পারতেন।’

আবার কেউ লিখেছেন, ‘নজরুলের গান এভাবে গাইতে হলে হৃদয়ের গভীরে শিল্পকে ধারণ করতে হয়।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy