প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ২৫৮)

X
ভালুকায় পৌরকর মেলা শুরু
ময়মনসিংহের ভালুকায় ১৫ শতাংশ কর ছাড়, বিশ্বকাপ ফুটবলের নানা আকর্ষণীয় পুরস্কার এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে পৌরকর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ভালুকা পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পৌরবাসীকে নিয়মিত কর পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কর আদায়ের বিকল্প নেই। কর প্রদানে জনগণকে উৎসাহিত করতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন বলেন, “বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর আনন্দকে আরও বাড়িয়ে দিতে ভালুকা পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের সর্বোচ্চ বকেয়া পৌরকর পরিশোধকারীকে তার পছন্দের ফুটবল দলের জার্সি ও বিশ্বকাপের প্রতীকী ফুটবল উপহার দেওয়া হবে। এছাড়া ৯টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ বকেয়া কর পরিশোধকারীকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করা হবে।”
তিনি আরও জানান, প্রচণ্ড গরমের বিষয়টি বিবেচনায় রেখে কর দিতে আসা সকল বকেয়া করদাতাকে কোমল পানীয় উপহার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধাও থাকছে।
কর দিতে আসা সেবাগ্রহীতারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, কর পরিশোধে ছাড় এবং আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এতে বকেয়া কর আদায় যেমন বাড়বে, তেমনি পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির ভালুকা পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। পৌরসভার আয়তন ১০ দশমিক ৪২ বর্গকিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। পৌর কর্তৃপক্ষ আশা করছে, কর মেলার মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।