প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : ৬৩)

X
নাজিয়া হক অর্ষা
প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘ওরা সাতজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রীয় এ সর্বোচ্চ সম্মাননা পাওয়ার খবরে আনন্দিত হলেও মায়ের অনুপস্থিতিতে তীব্র শূন্যতা ও একাকিত্ব ছুঁয়ে গেছে এ গুণী অভিনেত্রীকে।
সম্প্রতি পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অর্ষা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব, বিষয়টি আমার কাছে অপ্রত্যাশিতই ছিল। তবে আমার এ প্রাপ্তিতে যে মানুষ সবচেয়ে বেশি খুশি হতেন, তিনিই আজ আমাদের মাঝে নেই। আমি আমার মায়ের কথা বলছি।’
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘মায়ের কারণেই আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। মা সর্বশেষ ওরা সাতজন সিনেমাটি আমার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলেন। তাই এ রাষ্ট্রীয় সম্মাননা যদি মা নিজের চোখে দেখে যেতে পারতেন, তাহলে আমার আত্মা শান্তি পেত, অনেক ভালো লাগত। পুরস্কার পাচ্ছি, এটি নিশ্চয়ই আনন্দের।
কিন্তু যার কারণে আমার এ অর্জন, তিনিই আজ আমাদের মাঝে নেই। তাই সবকিছু মিলিয়ে আমি একটু চুপচাপ আছি। প্রতিটি মুহূর্তে এক ভীষণ শূন্যতা অনুভব করছি। মা বেঁচে থাকলে প্রাপ্তিটা শতভাগ পূর্ণতা পেত। তার পরও এ সিনেমার পরিচালকসহ এর সঙ্গে যুক্ত থাকা সবার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ বিচারকদের প্রতি, যারা আমাকে এ সম্মানের জন্য চূড়ান্ত করেছেন এবং কৃতজ্ঞতা অবশ্যই আমার ভক্ত-দর্শকের প্রতিও।’
দীর্ঘদিন ধরে ছোট পর্দায় শুধু ভালো গল্প আর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অর্ষা। তার এ নিরলস সাধনারই এক পরম স্বীকৃতি মিলল এ রাষ্ট্রীয় পুরস্কারের মাধ্যমে।
উল্লেখ্য, তার মাও একজন রত্নগর্ভা ও গুণী মানুষ ছিলেন। ২০২৫ সালে তিনি ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হয়েছিলেন এবং নিজে উপস্থিত থেকে সে সম্মাননা গ্রহণ করেছিলেন। মায়ের সে গৌরবময় স্মৃতির পর এবার মেয়ের হাতে উঠছে রাষ্ট্রীয় শ্রেষ্ঠত্বের মুকুট। বর্তমানে অর্ষা তার নিয়মিত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।