প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪১ পিএম (ভিজিট : ৬৯)

X
সংস্কৃতি অঙ্গনের নন্দিত ব্যক্তিত্ব ফেরদৌসী ও ত্রপা মজুমদারের জন্মদিন আজ
দেশের সংস্কৃতি অঙ্গনের প্রখ্যাত অভিনেত্রী ফেরদৌসী মজুমদার-এর আজ জন্মদিন। এ উপলক্ষে দিনটি এমনিতেই বিশেষ। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি অনন্য অনুষঙ্গ আজই জন্মদিন তার কন্যা, গুণী অভিনেত্রী ত্রপা মজুমদার-এরও। একই দিনে মা ও মেয়ের জন্মদিন হওয়ায় দিনটি তাদের পরিবার এবং ভক্ত-অনুরাগীদের কাছে পেয়েছে ভিন্নমাত্রার তাৎপর্য।
পৈতৃক নিবাস নোয়াখালীতে হলেও ১৯৪৩ সালের আজকের দিনে বরিশালে জন্ম ফেরদৌসী মজুমদারের। বেড়ে উঠেছেন ঢাকায়। ১৪ ভাই-বোনের বিশাল পরিবারে তার বেড়ে ওঠা। এর মধ্যে বড় ভাই শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। রক্ষণশীল পরিবার হলেও ভাই এবং পরে স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে সংস্কৃতির আলোয় আসেন তিনি।
মুনীর চৌধুরীর উৎসাহ আর সহযোগিতায় মঞ্চনাটকে আসেন ফেরদৌসী মজুমদার। ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ দিয়েই টেলিভিশন নাটকে অভিষেক তার। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে এক অনিন্দ্য পথচলা। হয়ে উঠেছেন কিংবদন্তি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
অন্যদিকে ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার দম্পতির একমাত্র সন্তান ত্রপা মজুমদার। ১৯৭৩ সালের আজকের দিনে জন্ম নেন তিনি। বাবা-মায়ের পথ ধরে মঞ্চের আলোয় আসেন ত্রপা। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এখনো মঞ্চ-অন্তঃপ্রাণ হয়ে চলছেন এ অভিনেত্রী।
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ফেরদৌসী মজুমদার জানিয়েছিলেন, জীবনের প্রথমদিকে জন্মদিন নিয়ে তার বিশেষ কোনো ধারণা বা আগ্রহ ছিল না। কন্যা ত্রপা মজুমদার-এর জন্মের ছয়-সাত বছর পর হঠাৎই তিনি খেয়াল করেন, মা ও মেয়ের জন্মদিন একই দিনে। সেই উপলব্ধির পর থেকেই দিনটি তার কাছে বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। পরে পরিবার, স্বজন এবং সংস্কৃতি অঙ্গনের মানুষজন বিষয়টি জানার পর প্রতি বছর এই দিনে মা-মেয়ে দুজনই শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন।