সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে অভিনেতা জোভানের মৃত্যুর গুঞ্জন। ভক্তদের একাধিক পোস্টে এ সংক্রান্ত খবর জানা গেলেও, স্বয়ং জোভান নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় কয়েকদিন আগে এ দুর্ঘটনা ঘটে বলে ফেসবুকে জানিয়েছেন তিনি।
ফেসবুকে এক স্ট্যাটাসে জোভান জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ঘটনাটি তাকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, অনেক সময় রাস্তায় আমরা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে ভাবি না, কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস রাখি। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়।
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা লিখেছেন, ‘রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’
বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।’
জোভান আরও বলেন, ‘সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অভিনেতা আরও লেখেন, মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।