প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : ৬৬)

X
একই দিনে বাবা-ছেলের জন্মদিন, অপূর্বর জীবনে দ্বিগুণ ভালোবাসার উৎসব
আজ ২৭ জুন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালে শরীয়তপুরে জন্ম নেওয়া এই প্রিয় তারকা ৪১ বছর পেরিয়ে ৪২ বছরে পা রাখলেন। অভিনয়ের মায়াজালে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা অর্জন করা অপূর্বর জন্য দিনটি আরও বিশেষ, কারণ একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। বাবা-ছেলের একই দিনে জন্মদিন উদ্যাপনের এই সুন্দর মিল প্রতি বছর অপূর্বর জীবনে বয়ে আনে বাড়তি আনন্দ, ভালোবাসা ও পারিবারিক আবেগের এক অনন্য মুহূর্ত।
প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। নির্মাতা, সহশিল্পী ও কাছের মানুষরা তার সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা।
দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অপূর্ব উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। বিশেষ করে ২০১৭ সালে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত পরিবারের এক তরুণের চরিত্রে তার অসাধারণ ও আবেগঘন অভিনয় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। নাটকটির ব্যাপক জনপ্রিয়তার পর অনেক দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন ঘরের ‘বড় ছেলে’।
শোবিজের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহী অপূর্বর মিডিয়া যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে। এরপর প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি। তবে অভিনেতা হিসেবে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত নাটক ‘বৈবাহিক’-এর মাধ্যমে।
এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই তারকাকে। রোমান্টিক, পারিবারিক ও আবেগঘন গল্পের নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শকের প্রিয় অভিনেতা হিসেবে। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। তার অভিনয়গুণ ও দীর্ঘ পথচলা তাকে বাংলা বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছে।
ব্যক্তিগত জীবনে অপূর্বের জীবনে নানা চড়াই উৎরাই রয়েছে। ২০১০ সালে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে প্রথম বিয়ে করেন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি এবং এক বছরের মাথায়, ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রভার সাথে বিচ্ছেদের পর তিনি একই বছরের জুলাই মাসে নাজিয়া হাসান অদিতিকে দ্বিতীয় বিয়ে করেন, যার সাথে ২০২০ সালে তার বিচ্ছেদ হয়। তবে তাদের ঘরে রয়েছে একটি পুত্র সন্তান। সেই একমাত্র পুত্রের নাম জায়ান ফারুক আয়াশ।
অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান আনায়া। বর্তমানে নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা; ছেলের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক। একই দিনে বাবা-ছেলের জন্মদিন নিয়ে এর আগে অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, 'বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।' শুধু তাই নয়, কোনো এক বাবা দিবসে অপূর্ব ছেলেকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'আমি তোমাকে যখন দেখি তখনেই চিন্তা করি কিভাবে তুমি আমার মতো দেখতে হলে? কী স্বর্গীয় উপহার আল্লাহ্ আমাকে দিয়েছেন।'
সাম্প্রতিক সময়ে ব্যস্ততা তার ওয়েবফিল্ম নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম 'হেডলাইন'। ইতমধ্যে বেশ সাড়া পেয়েছে সেটি। রহস্য, রোমাঞ্চ আর খবরের কাগজের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক গোপন সত্যের সন্ধানে নামছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন ইয়াশ রোহান। আরও রয়েছেন সারিকা সাবরিন, চঞ্চল চৌধুরী।