প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ২০৯)

X
কঙ্গনা রনৌত
বলিউড অভিনেত্রী ও বর্তমান বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত এবং কমেডিয়ান-অভিনেতা বীর দাস ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলবার রানি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন পর সেই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো দাবি আবারও ছড়িয়ে পড়েছে, যেখানে এক সাংবাদিক চুম্বনের দৃশ্যের শুটিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সাংবাদিক সিমি চান্দোক একটি পডকাস্টে উপস্থিত হয়ে বলেন, শুটিং চলাকালে ‘কাট’ বলা হলেও কঙ্গনা নাকি দৃশ্যটি চালিয়ে যান।
তার বক্তব্য অনুযায়ী, দৃশ্যটি এতটাই তীব্র হয়ে ওঠে যে বীর দাসের ঠোঁটেও আঘাত লাগে। তিনি বলেন, “ওই সময়ের অভিজ্ঞতা মনে করলে বীর দাস আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। দৃশ্য শেষ হওয়ার পরও কঙ্গনা থামেননি, এমনকি ঠোঁটে আঘাত লেগে রক্ত বের হয়েছিল।”
তবে এই বক্তব্যের পক্ষে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে কঙ্গনা রনৌত কিংবা বীর দাস—দুজনের কেউই সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, এই বিতর্ক একেবারেই নতুন নয়। এর আগেও ২০২৩ সালে একই ধরনের আলোচনা সামনে আসে। তখন কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। তিনি রসিকতার সুরে লেখেন, “হৃতিক রোশনের পর এবার নাকি বীর দাসকেও আমি ক্ষতি করলাম! ঘটনাটা কবে ঘটল?”—এমন মন্তব্যের মাধ্যমে তিনি অভিযোগকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেন।
কাজের দিক থেকে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্যবিধাতা’ ছবিতে, যা ২০০৮ সালের মুম্বাইয়ের ২৬/১১ হামলার প্রেক্ষাপটে নির্মিত। অন্যদিকে বীর দাস অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ব্যস্ত সময় পার করছেন, সম্প্রতি তিনি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ প্রজেক্টে কাজ করেছেন।