প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:০৬ পিএম (ভিজিট : ৩৩)

X
ছবি: প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে উপজেলার ধামরাইল, সানুহার, জয়শ্রী, নতুন শিকারপুর ও ইচলাদী বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সকাল প্রায় ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও করতালি, স্লোগান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপির নেতারা বেলুন উড়িয়ে অভিনন্দন জানান।
এ সময় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।