প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ২৩)

X
সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর নতুন মৌলিক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী এসআই টুটুল। গানের শিরোনাম ‘এখন আমার মন ভালো নেই’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ। গানটি লিখেছেন ফারুক আনোয়ার।
গানটি প্রসঙ্গে এসআই টুটুল বলেন, ‘এখন আমার মন ভালো নেই গানটির সুর আমার কাছে খুব ভালো লেগেছে। এরই মধ্যে গানের সব কাজ শেষ। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। আমি আশাবাদী আমার কণ্ঠের নতুন মৌলিক গানটি নিয়ে।’
সম্রাট আহমেদ বলেন, ‘আমি বাংলাদেশের অনেক সিনিয়র শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম, খুরশীদ আলম স্যারসহ আরো বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি। তারা আমার সুরে গান গেয়েছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। সে ধারাবাহিকতায় টুটুল স্যারও আমার সুরে ‘এখন আমার মন ভালো নেই’ গানটি গেয়েছেন। আমি গানটি নিয়ে খুব আশাবাদী।’
‘তুমি আছো হৃদয়ে’ সিনেমায় টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ আমি মেঘ হবো আকাশে’ গানটি শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পায়। এছাড়া তার কণ্ঠে আরো বেশকিছু জনপ্রিয় গান রয়েছে।
যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘যায় কি ছেঁড়া বুকের পাঁজর’, ‘যায় দিন যায় একাকী’, ‘হৃদয়ের লেনা দেনা’, ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে’, ‘ধ্রুবতারা’, ‘ও কারিগর দয়ার সাগর ওহে দয়াময়’, ‘নিঃশ্বাস আমার তুমি জানে এ দুনিয়া’, ‘হৃদয়ে লিখেছি তোমারই নাম হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম’।