প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৩১)

X
সংগৃহীত ছবি
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাস্তুল’ সিনেমা। শুক্রবার দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ‘মাস্তুল’ পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।
প্রথম ধাপে রাজধানী ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ‘মাস্তুল’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে, এরমধ্যে একটি শো দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। একইভাবে স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও দৈনিক দুটি প্রদর্শনী থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।
কয়েক দিন আগে রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখে দেশের চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা এর নির্মাণশৈলী, অভিনয় এবং বিষয়বস্তুর প্রশংসা করেন। বিশেষ করে নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনকে বড়পর্দায় তুলে ধরার জন্য নির্মাতার ভূয়সী প্রশংসা করেন বরেণ্য চলচ্চিত্রকার মসীহউদ্দিন শাকের, নির্মাতা শাহীন দিল রিয়াজ ও হুমায়রা বিলকিসসহ অনেকেই।
গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘মাস্তুল’। সেখানে চলচ্চিত্রটি অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা, যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে ‘মাস্তুল’ সিনেমার গল্প এগিয়েছে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।
সিনেমাটিতে ‘মকবুল’ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, মুকিত শিকদার, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী। প্রচারের গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। কাস্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন যুবরাজ শামীম। ‘মাস্তুল’ প্রযোজনা করেছে সিনেমাকার, আর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে রয়েছে টঙঘর টকিজ।