আরিফিন শুভ ও কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’

অনলাইন ডেস্ক

বিনোদন

‘জ্যাজ সিটি’র পর দারুণ সময় পার করছেন আরিফিন শুভ। সিরিজটি ভারতীয় হলেও বাংলাদেশেও ব্যাপক প্রশংসা পেয়েছে। চিরচেনা শুভর

2026-07-18T18:04:02+00:00
2026-07-18T18:04:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরিফিন শুভ ও কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘জ্যাজ সিটি’র পর দারুণ সময় পার করছেন আরিফিন শুভ। সিরিজটি ভারতীয় হলেও বাংলাদেশেও ব্যাপক প্রশংসা পেয়েছে। চিরচেনা শুভর বাইরে তার লুক, অভিনয় ও সংলাপ বলার ধরন দর্শকদের দারুণভাবে নজর কেড়েছে। এর ফলও মিলেছে হাতেনাতে। ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলোর রিভিউতে শুভর অভিনয়ের জয়জয়কার ছিল। 

প্রশংসার সেই রেশ কাটতে না কাটতেই গেল ঈদে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত ‘মালিক’। সিনেমাটি নিয়ে বেশ সরব ছিলেন শুভ। অ্যাকশনধর্মী গল্পের এই সিনেমাও ঈদের আলোচিত ছবিগুলোর একটি ছিল। যদিও সিনেমাটি ব্যবসাসফল হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে শুভর অ্যাকশন ঘরানায় ফেরাকে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। এরপর শুভ উড়াল দেন অস্ট্রেলিয়ায়। সেটিও ‘মালিক’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। সেখানে অংশ নিয়ে দুই সপ্তাহ পর দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বেশ কয়েকটি সিনেমার গল্প শুনেছেন। তবে সেখান থেকে কোনটি দিয়ে তার পরবর্তী সিনেমা হবে, সে বিষয়ে এখনোও চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে এসেছে নতুন খবর। ‘হ্যাপিলি ম্যারিড’ নামে নতুন একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন এই নায়ক। পরিচালনা করছেন জাহিদ প্রীতম। যদিও প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। এটি প্রযোজনা করছে ছবিয়াল। 

এ প্রসঙ্গে জাহিদ প্রীতমের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি জানান, শুটিংয়ে ব্যস্ত আছেন। কাজ সম্পর্কে আপাতত বিস্তারিত কিছু বলতে চাননি। তবে সূত্রের বরাতে পাওয়া চমকপ্রদ খবর হলো, এই প্রজেক্টে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন কেয়া পায়েল। 

সাম্প্রতিক সময়ে নাটকের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। বিশেষ করে মোস্তাফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এর আগে শতাধিক নাটকে অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন কেয়া। ২০১৮ সালের শেষে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন তিনি।

তবে বিষয়টি নিয়ে কেয়া পায়েলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র বলছে, শুভর সঙ্গে কেয়া পায়েলও শুটিংয়ে অংশ নিয়েছেন এরই মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির ব্যানারে অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’; এটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রজেক্ট। যেখানে সম্পর্কের টানাপোড়েন দেখানো হবে। সর্বশেষ আরিফিন শুভকে দেখা গেছে এমন রোমান্টিক গল্প ‘উনিশ২০’-এ; যা সাড়া ফেলেছিল অন্তর্জালে। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকির উদ্যোগে ২০২৩ সালে ভালোবাসার গল্প নিয়ে গড়ে ওঠে ‘মিনিস্ট্রি অব লাভ’ বা ‘ভালোবাসার মন্ত্রণালয়’। এই উদ্যোগে ১২ জন নির্মাতা শপথ নিয়েছিলেন, তারা ক্যামেরার মাধ্যমে মানুষের মাঝে ভালোবাসার গল্প ছড়িয়ে দেবেন।

মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ থেকে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি প্রেমের গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

সে সময় আরও জানানো হয়েছিল, এই প্রকল্পের অধীনে রায়হান রাফী পরিচালনা করবেন ‘মুহাব্বাত’, আশফাক নিপুণ ‘উই নিড টু টক’, রেদওয়ান রনি ‘উঁকি’, আবু শাহেদ ইমন ‘অবনী’, রাকা নোশিন নাওয়ার ও শঙ্খ দাশগুপ্ত যৌথভাবে ‘ফিফটি ফিফটি’, আরিফুর রহমান ‘জুঁই’ এবং অনম বিশ্বাস ‘ শোল্ডার মা’ নির্মাণ করবেন।

মূলত ওটিটি মানেই থ্রিলার বা অ্যাকশন- এমন ধারণা ভেঙে প্রেমের গল্প বলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘মিনিস্ট্রি অব লাভ’-এর অধীনে নির্মিত হচ্ছে শুভ ও কেয়া পায়েলকে জুটি করে ‘হ্যাপিলি ম্যারিড’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy