প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম (ভিজিট : ৪৮)

X
সংগৃহীত ছবি
আবারো যুক্তরাষ্ট্র সফরে গেছেন এ সময়ের ব্যস্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী সিনেমার প্লেব্যাক, আধুনিক গান, নাটকের গান, বিজ্ঞাপনের গান নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন। প্রতি মাসেই তার নতুন গান প্রকাশ পায়, পাশাপাশি স্টেজ শো নিয়েও থাকে ব্যস্ততা।
এবার যুক্তরাষ্ট্রে টানা ১৬টি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করবেন তিনি। এবারের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং এরই মধ্যে প্রথমবারের মতো ইন্ডিয়ানায় স্টেজ শোয় পারফর্ম করেছেন। কনা জানান, প্রথম শোয়েই দর্শক-শ্রোতাদের গানে গানে মাতিয়ে তুলতে পেরেছেন, এ নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
এ সফরে তিনি মিশিগানে পারফর্ম করবেন। এরপর আগামী ১ আগস্ট আটলান্টিক সিটি, ২ আগস্ট লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’, ৮ আগস্ট ওকলাহোমা সিটি, ১৪ আগস্ট ডালাস, ২১ আগস্ট হিউস্টন, ২৮ আগস্ট শিকাগো, ২৯ আগস্ট বোস্টন, ৫ সেপ্টেম্বর অরল্যান্ডো, ৬ সেপ্টেম্বর ফের লস অ্যাঞ্জেলেস, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি, ১৯ সেপ্টেম্বর মিয়ামি, ২০ সেপ্টেম্বর আটলান্টা, ২৬ সেপ্টেম্বর ফের মিশিগান ও ৩ অক্টোবর নিউইয়র্কে গাইবেন।
কনা বলেন, ‘যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি, ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। ২০০৫ সালে শ্রোতা-দর্শক আমার গান যেমন আগ্রহ নিয়ে উপভোগ করত, সে আগ্রহ আর উচ্ছ্বাস যেন আরো বেড়েছে।
একজন শিল্পী হিসেবে এখানেই আমার সার্থকতা যে দেশের বাইরে এসেও প্রবাসী বাংলাদেশীদের বাংলা গানে মুগ্ধ করতে পারছি, গানে গানে বাংলাকে-বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রে এটাই আমার স্টেজ শো নিয়ে সবচেয়ে দীর্ঘ সফর।’