প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ২৫)

X
সংগৃহীত ছবি
অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। নিয়মিত নাটকে কাজ করলেও এবার প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাকে, সে সিনেমা দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। কাজের বাইরে সম্প্রতি শাড়িকাণ্ড নিয়েও আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। নিজের অভিনয়যাত্রা, আসন্ন সিনেমা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন এ অভিনেত্রী।
নিয়মিত নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। তবে এখন আর শুধু ব্যস্ত থাকার জন্য কাজ করেন না বলে জানালেন তিনি। কাজ বাছাইয়ে নিজের মানদণ্ডের কথা জানিয়ে তিনি বলেন, ‘নিয়মিত কাজ নিয়েই ব্যস্ততা। নাটকের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। তবে এখন আর শুধু ব্যস্ত থাকার জন্য কাজ করি না। গল্প, চরিত্র আর পরিচালক এ তিন বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো না লাগলে কাজ ছেড়ে দিতেও দ্বিধা করি না।’
দর্শকের অনেকেই বলছেন, এখনকার তিশা আগের চেয়ে অনেক বেশি পরিণত অভিনয়শিল্পী। এ মূল্যায়নের সঙ্গে একমত অভিনেত্রী। তার ভাষায়, ‘আমিও সেটা অনুভব করি। অভিনয় নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস। প্রতিটি চরিত্র নিয়ে সময় দিচ্ছি। দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, সেটা আমাকে আরো দায়িত্বশীল করেছে।’
প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত তানজিন তিশা। সোলজার নিয়ে নিজের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো অনুভূতি। প্রথম সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক উত্তেজনা কাজ করছে। আশা করি, দর্শক আমাকে নতুনভাবে গ্রহণ করবেন। আমি নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছি। কিছু কাজ বাকি আছে। সেটার সমাপ্তি টানা হবে শিগগিরই।’
নাটক না সিনেমা, কোন মাধ্যমকে বেশি গুরুত্ব দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে মাধ্যমের চেয়ে গল্পকেই বড় করে দেখার কথা জানান এ অভিনেত্রী। তার মতে, ‘ভালো গল্প হলে মাধ্যম আমার কাছে বড় বিষয় নয়। নাটক, সিনেমা বা ওটিটি যেখানেই শক্তিশালী চরিত্র পাব, সেখানেই কাজ করতে চাই।’