প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : ২)

X
এমদাদ হোসেন
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের উপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর (রাজেন্দ্রপুর সেনানিবাস) এলাকার মোড়ল মার্কেট এলাকায় এ হামলা চালানো হয়। যুবদল নেতা এমদাদ হোসেনকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের হাতে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিল আহত হন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক কর্মসূচী শেষে পারিবারিক কাজে যুবদল নেতা এমদাদ হোসেন রৌদ্রপুর গ্রামে যাওয়ার পথে নয়নপুর মোড়ল মার্কেট এলাকা পৌছালে নয়নপুর এলাকার মৃত: আঃ মতিনের ছেলে লিটন মিয়া (৪৮), মৃত : ওসমানের ছেলে আলম সরকার ওরফে বাউল আলম (৪৭), মৃত : আঃ রউফের ছেলে সোহেল ওরফে জ্যাক সোহেল (৩৮) ও হালডোবা গ্রামের মৃত : ইয়াসমিন মাতাব্বরের ছেলে সিরাজুল ইসলাম (৪২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন এমদাদ হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।
একপর্যায়ে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুঠার দিয়ে মাথায় কোপ দিলে মাথার পিছনে লেগে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত এমদাদ হোসেন ও অলিলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল- মামুন জানান, এ ব্যপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
এই হামলার ঘটনায় সদর উপজেলা বিএনপি ও যুবদল নিন্দা জানিয়েছেন।