প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ০)

X
রঞ্জিত চন্দ্র দে
শেরপুরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত চন্দ্র দে (৬৫)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে শেরপুর পৌরসভার নয়ানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রঞ্জিত চন্দ্র দে লছমনপুর ইউনিয়নের মৃত নরেশ চন্দ্র দে ও রেখা রানী দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় (মামলা নম্বর-১৩) রঞ্জিত চন্দ্র দে আসামি হিসেবে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রঞ্জিত চন্দ্র দেসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, রামদা, হকি স্টিক, বাঁশের লাঠি ও ইট-পাটকেল নিয়ে বেআইনিভাবে সংঘবদ্ধ হন। পরে তারা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে অন্তর্র্বতীকালীন সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. এনামুল হক সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে রঞ্জিত চন্দ্র দের জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রঞ্জিত চন্দ্র দেকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।