প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ০)

X
বেলকুচি থানা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাতেন (৫২) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বুধবার সকালে বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যায় সে। বাড়ি ফেরার পথে অভিযুক্ত বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি ঘাসখেতে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।