প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ১)

X
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ধুনট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচজনকে আটক করে তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট পৌরসভার পশ্চিম অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান শাওন (৩০), ধুনট সদরপাড়া এলাকার মৃত শাহাজান আলীর ছেলে ওয়াসিম (৪০), মাটিকোড়া গ্রামের মুনসুর আলম খান সেলিমের ছেলে সাজ্জাদ খান স্বরণ (২২), বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ (৪০) এবং শান্তনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বদিরুজ্জামান (৪৫)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেহেদী হাসান শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সাজ্জাদ খান স্বরণ, মঞ্জু শেখ, ওয়াসিম ও বদিরুজ্জামানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।