প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পিএম (ভিজিট : ০)

X
তিন পুলিশ আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস, মাদক বিরোধী সহ চোরাকারবারি বিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ অফিসার সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আর গোলাগুলিতে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই (নিঃ) মো. রফিক, এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল।
অপরদিকে পুলিশের নিক্ষিপ্ত গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ী রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪)। গ্রেপ্তার অপর ব্যক্তি হলো একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাস মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাস বিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তবে আমাদের ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।