প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম (ভিজিট : ০)

X
কাঁঠালিয়ার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
‘সমাজে যা ইচ্ছা তাই করলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।’ এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে কচুয়া ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় সেতু নির্মাণ করা আমার শপথ। যেকোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালী নদীর ওপর এই সেতু নির্মাণ করব।’
তিনি বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামী, রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।