প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম (ভিজিট : ০)

X
চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা-২০২৬, অভিভাবক সমাবেশ এবং প্রবীণ সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের অবসরোত্তর বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাহেদ সাকির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব বিজয়ানন্দ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিঠু চৌধুরী এবং অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দীর্ঘদিন বিদ্যালয়ে শিক্ষকতা করা প্রবীণ সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের অবসরোত্তর বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ. এম. মাহবুব চৌধুরী।
সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক রফিক আহম্মেদের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করা হয়।