প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ০)

X
রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রেষণে এ নিয়োগের বিষয়ে মতামত দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মতামত ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ১৬ আগস্টের চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ ও নৌবাহিনী সদর দপ্তরের সংশ্লিষ্ট চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে প্রেষণে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
চিঠির সংযুক্ত তালিকায় প্রস্তাবিত পদ হিসেবে ‘চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম’ এবং নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হিসেবে ‘নৌপরিবহন মন্ত্রণালয়’ উল্লেখ করা হয়েছে। এ নিয়োগের বিষয়ে মতামত প্রদানের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন বর্তমানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি বন্দর কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বন্দরের বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চূড়ান্ত নিয়োগের কথা বলা হয়নি। এতে কেবল নিয়োগের প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। ফলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ২০২৪ সালের আগস্ট হতে দ্বায়িত্ব পালন করছেন।