পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়িও ভাঙচুর করেছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদের গেটে এ হামলার ঘটনা ঘটে।
অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি তার দাপ্তরিক কাজ শেষ করে গাড়িতে করে উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অসুস্থ মেয়েকে দেখতে পিরোজপুর সদর হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় উপজেলা পরিষদের গেটে সাবেক ছাত্রলীগ নেতা সজীব হাওলাদার সহ অপরিচিত কয়েকজন তার গাড়ির গতিরোধ করতে হাত তোলে। তিনি গাড়ি থামালে হঠাৎ করে সজিব হাওলাদার গাড়ির গ্লাসের ফাক থেকে তাকে ঘুসি মারতে শুরু করে। হামলা কারিরা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে। হামলাকারী সজিবের সাথে তার রাজনৈতিক বা ব্যক্তিগত কোন বিরোধ নেই বলেও জানান তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে এবং তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বিষয়টি থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। দলের নেতাদের সাথে আলোচনা করে মামলা দায়ের করা হবে।
এ প্রসংগে সজীব হাওলাদারের সঙ্গে থাকা উত্তম কুমার বলেন, ‘আমি কয়েক মাস আগে সরকারি ঘর পাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দেই। ঘর বরাদ্দ না পাওয়ায় সজীব হাওলাদারকে নিয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচারণ করেন। এ সময় সজীবের সঙ্গে চেয়ারম্যানের মারামারির ঘটনা ঘটে।’
হামলাকারী সজীব হাওলাদার সাবেক ছাত্রলীগকর্মী, কামরুজ্জামান তুহিন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও উত্তম কুমার আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে। হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতারা।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা ও সরকারী গাড়ি ভাংচুরের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। থানার অফিসার ইন চার্জ(ওসি) কে বিষয়টি গুরুত্বের সাথে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘হামলার ঘটনা শুনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর সাথে কারা জড়িত এবং কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি। তবে হামলার ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।’
এদিকে আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা।