প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:৪৩ পিএম (ভিজিট : ১২৫)

X
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। নির্বাচনে বঙ্গবুন্ধু পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। ভোটগ্রহণ শেষে গত সোমবার রাত ৯ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রুয়েটের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ থেকে পূর্ণ প্যানেল জয়লাভের বিষয়টি জানানো হয়।
বঙ্গবন্ধু পরিষদ প্যানেল থেকে নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. জগলুর সাদত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন, ক্রীড়া সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক হোসেন এবং সদস্য পদে অধ্যাপক ড. মো. আল মামুন, অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ড. সজল কুমার দাস, মাহমুদ হাসান নির্বাচিত হন।
উল্লেখ্য, রুয়েটের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ এই দু’টি প্যানেল অংশগ্রহণ করে। এতে বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের ভরাডুবি হয়।