
X
শরীয়তপুরে বিএনপি’র কর্মসূচিতে হামলা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। বুধবার (২ মার্চ) এঘটনা ঘটে। এঘটনায় স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সীসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। আওয়ামীলীগের নেতাকর্মীরা শহরে মোটর সাইকেল নিয়ে মহড়াও দিয়েছে বলে জানা গেছে।
বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শরীয়তপুরে জেলা বিএনপির’র তিন অংশ এ কর্মসূচির আয়োজন করলেও ধানুকা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের কর্মসূচি পন্ড হয়ে গেলেও বাসস্ট্যান্ড এলাকার বিএনপি মাহবুব তালুকদারের বাড়িতে একটি অংশ এবং ধানুকা মান্নান মাদবরের বাড়িতে আরেকটি অংশ বিক্ষোভ সমাবেশ করে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ধানুকা পানি উন্নয়ন বোর্ডের সামনে শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীর নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ বিএনপির। এসব হামলায় স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সীসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি তাদের। আর বেলা সাড়ে ১২টার দিকে শিল্পকলা একাডেমীর সামনের সড়কে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণ হয়েছে অভিযোগ করেছে বিএনপি। এসময় পুলিশ প্রহরায় বিএনপি নেতাকর্মীরা স্থান ত্যাগ করে।
এদিকে, পৃথক দুইটি সমাবেশেই জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, আবুল হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী প্রমূখ।
ওইসব অনুষ্ঠানে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মী’কে এক প্ল্যাটফরমে থেকে সরকার পতনের আন্দোলন করতে হবে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শরীয়তপুরে বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ বানচাল করার জন্য সরকার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা, ককটেল বিস্ফোরণ করেছে। তারপরেও দলীয় নেতাকর্মীসহ জনগণ আমাদের সাথে থেকে সমাবেশ সফল করেছে।
অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশের নামে সড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা করায় জনগণ তাদের প্রতিহত করেছে।