
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটি একেবারেই জনগণের সাথে তামাশা। কারণ আগেও আমরা সার্চ কমিটির নাটক দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না। তিনি ২ মার্চ বুধবার বিকেলে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং স্বল্পমূল্যে টিসিবির পণ্য সর্বত্র সরবরাহের দাবিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আমরা আন্দোলনের মধ্যেই আছি। গত ১৩ বছর ধরে আমরা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। এখন জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
পরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার।