প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৪৪ পিএম আপডেট: ০৩.০৩.২০২২ ৫:৪৭ পিএম (ভিজিট : ২৯৩)

X
মানিকগঞ্জের হরিরামপুরে ছেলের মৃত্যুর একঘন্টার মধ্যে শোকে মায়ের মৃত্যুর (৮০) ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে নিজেদের বাইসাইকেলের দোকানে কাজ করতো।
এলাকাবাসী জানান, হরিরামপুরের আন্ধারমানিক মানিক এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় (৪৮) সকাল সাড়ে ছয়টায় মারা যান। এ ঘটনায় সকাল সাড়ে সাতটার দিকে কাঁদতে কাঁদতে মায়ের মৃত্যু হয়। শোকে অমলের ভাইয়ের স্ত্রী অজ্ঞান হয়ে গেলে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
অমলের প্রতিবেশী হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বলেন, “অমল রায় ওরফে হাম্বু আর তার ভাই বিমল রায়ের লেছড়াগঞ্জ বাজারে বাইসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।”
বয়ড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ছেলের মৃত্যু শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অমল রায়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।