প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:২৪ পিএম (ভিজিট : ২০৯)

X
সিলেটে তরুণের কবল থেকে এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে। এসময় ‘অপহরণকারী’ তরুণকে গ্রেফতার করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের সাক্ষরিত শনিবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারীকে’ গ্রেফতার করে পুলিশ।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর পশ্চিম পীরমহল্লার ঐকতান-১৪১/৩ বাসার ভাড়াটে নুর ইসলাম (২০) এক কিশোরীকে অপহরণ করে নিয়ে এসে তার বাসায় রাখেন। এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানার একদল পুলিশ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার ও নুর ইসলমাকে গ্রেফতার করে। নুর ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দেবীপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে এবং আসামি নুর ইসলামকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।