প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৮:১০ পিএম (ভিজিট : ৪৮৯)

X
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লা বোঝাই জাহাজ ডুবে গেছে। আজ শনিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার ভাটপাড়া শ্মশানঘাটে তলানিতে ফাটলের কারণে ডুবে যায় এমভি সুরাইয়া-৩ নামের জাহাজটি।
জানা যায়, ডুবে যাওয়া জাহাজটিতে এক হাজার ১৬০ টন কয়লা ছিলো। জাহাজে ডুবে যাওয়া কয়লা মেসার্স আফিল ট্রেডার্সের।
এমভি সুরাইয়ার মাষ্টার সোহাগ হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারী মেসার্স আফিল ট্রেডার্সের কয়লা নিয়ে এমভি সুরাইয়া জাহাজটি মংলা বন্দর মাদার ভেসেল থেকে ইন্দোনেশিয়া থেকে আসা এক হাজার ১৬০ টন কয়লা ভর্তি করে নওয়াপাড়া উদ্যেশ্যে ছেড়ে আসে। গত ১ মার্চ জাহাজটি উপজেলার ভৈরবনদে ভাটপাড়া শ্মশানঘাটে নোঙর করে। গতকাল শনিবার জাহাজটির কয়লা নামানোর কথা ছিল। কিন্তু দুপুর ১ টার দিকে জাহাজের তলদেশ ফেটে জাহাজটি ডুবে যায়। তবে কেন জাহাজের তলদেশ ফেটে গেছে তা তিনি জানাতে পারেননি।
মেসার্স আফিল ট্রেডার্সের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বলেন, 'এক হাজার ১৬০ টন কয়লা নিয়ে আমাদের প্রতিষ্ঠানের জাহাজ আজ দুপুরের দিকে নদে ডুবে গেছে। জাহাজ থেকে কয়লা নামানোর প্রস্তুতি চলছে।’
নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, 'দুপুরের দিকে জাহাজের তলদেশ ফেটে মেসার্স আফিল ট্রেডার্সের কয়লা বোঝাই জাহাজ ডুবে গেছে। এতে ভৈরব নদের পানি কিছুটা দুষিত হবে।'
প্রসঙ্গত, এর আগে গত ৩ ফ্রেব্রুয়ারী ৬৪০ মেট্রিকটন ইউরিয়া সার নিয়ে উপজেলায় নওয়াপাড়া বাজারের পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এম ভি শারিব বাঁধন নামের একটি জাহাজটি ডুবে যায়। ওই জাহাজটি আজও উত্তোলন করা সম্ভব হয়নি।