প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:০৪ পিএম (ভিজিট : ২২৩)

X
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল ও অবৈধ টমটম গাড়ির সংষর্ঘে আইরিন আক্তার তুলি নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তুলির দুই সহপাঠিসহ আরও ৫ জন।
রোববার (৬ মার্চ) বিকেলে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তুলি কেন্দুয়া পৌরশহরের চকপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় আদমপুর খান এন্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা হল- তুলির সহপাঠি চকপাড়া গ্রামের জানু মিয়ার মেয়ে তাহমিনা, একই গ্রামের রাশেদুলের মেয়ে মীম, মোটরসাইকেল আরোহী মাহবুব, কামরুল ইসলাম ও টমটম চালক জসীম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,রোববার বিকালে স্কুল শেষে বাড়ি ফিরছিল ওই শিশুরা। পথে মোটরসাইকেল ও টমটম গাড়ির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল ও টমটমের ধাক্কায় ওই তিন শিশু শিক্ষার্থী আহত হয়। আহত হয় মোটরসাইকেলটির দুই আরোহী ও টমটম চালকও। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় শিশু তুলি ও টমটম চালক জসীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তুলির মৃত্যু হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুঘর্টনা কবলিত মোটরসাইকেল ও টমটম গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।