প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:৫৫ পিএম আপডেট: ০৭.০৩.২০২২ ৩:৫৮ পিএম (ভিজিট : ৩০৬)

X
পটুয়াখালীর দুমকি উপজেলায় গোলাম সরোয়ার বাদল নামের এক ঠিকাদার কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে।
রোববার (৬ মার্চ) রাতে মারধোরের শিকার এলজিইডি দুমকি উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দীন বাদী হয়ে দুমকি থানায় মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ঠিকাদার গোলাম সরোয়ার বাদল দুমকী উপজেলার পাঙ্গাশিয়ার ব্রীজ নির্মান করেন। গতকাল রোববার (৬ মার্চ) তিনি ঐ প্রকল্পের চুড়ান্ত বিলের আবেদন নিয়ে এলজিইডি দুমকি উপজেলা প্রকৌশলী মো. নাজিম উদ্দীন-এর অফিসে যান। এ সময় তিনি বিল নিয়ে কথা বলতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম তাকে জানান যে যৌথ পরিমাপ করে চুড়ান্ত বিল পরিশোধের জন্য নির্বাহী প্রকৌশলী মহোদয়ের মৌখিক নির্দেশ আছে। এ কথা শুণে ঠিকাদার বাদল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি উপজেলা প্রকৌশলীর মুখে ছুড়ে মারেন ও চড় থাপ্পর দেন। সে সময় উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম তাকে বাধা দিতে গেলে তাকেও চড় থাপ্পর ও ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন বাদল। এছাড়া বিল না দিলে পিস্তল দিয়ে প্রান নাশের হুমকিও দেন।
দুমকী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল সালাম বলেন, ‘মামলার তদন্ত চলমান আছে। সত্যতা পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।’