প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৭:২০ পিএম (ভিজিট : ২০৬)

X
দীর্ঘ ১৭ বছর পরে সাংগঠনিক কমিটি পেয়েছে পটুয়াখালী জেলা যুবলীগ। গত রোববার (৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সহিদুল ইসলাম শহীদকে সভাপতি ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে এ্যাড. জাহাঙ্গীর সিকদার, এ্যাড. আরিফুজ্জামান রনি, মিজানুর রহমান হান্নান, জহিরুদ্দিন লিটু, খাইরুল উমাম মেরিন ও এ্যাড মনিরুল হক লিটন সিকদারকে সহ-সভাপতি; সাহানুর রহমান সুজন, মো. জামাল হোসেন, খন্দকার অহিদুজ্জামান সাকিবকে যুগ্ন সাধারণ সম্পাদক; অসীম মৃধা, রেজাউল হক রেজা, নাসির উদ্দিন হাওলাদার, মাহামুদ হাসান, রতন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক এবং মো. ইমতিয়াজকে প্রচার সম্পাদক করা হয়েছে।
২০০৫ সালে কমিটি ঘোষনার পর তা বিলুপ্ত হলে সম্মেলন আহবান করতে ২০১৩ সালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পটুয়াখালী ১ আসনের সাংসদ পুত্র এ্যাড. আরিফুজ্জামান রনিকে আহবায়ক করে জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর ঠিক ৮ বছর পর ২০২১ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন। সম্মেলনের তিন মাস পরে বহুল প্রতীক্ষিত এ কমিটির ঘোষনা এসেছে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে।
নব গঠিত যুবলীগের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, নতুন কমিটিকে মূল দলের সাথে সমন্বয় করে সাংগঠনিক ভাবে এগিয়ে যেতে হবে।