প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১২:৩৮ পিএম (ভিজিট : ৩৩০)

X
নেত্রকোনার মোহনগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নুরু মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কাজীহাটি গ্রামের ছাত্রলীগের নেতা সামিউল বাসির বাদী হয়ে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নুরু মিয়া মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন নুরু মিয়া। এমন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফেসবুক ওয়ালে এমন আরও অনেক পোস্ট পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নুরু মিয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
-বাবু/শোভা