প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭:১২ পিএম (ভিজিট : ২৯৯)

X
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করায় উত্তপ্ত হয়ে উঠেছে উপজেলা আওয়ামী লীগ।
প্রতিবাদে শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল। তারা সেদিন আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে শ্লোগান দিয়েছে। আমরা তাদের ছেড়ে কথা বলতে পারিনা। এই শ্লোগানের নেপথ্যে ছিলেন আমাদের এলাকার জাতীয় পার্টির এমপি আহসান আদেলুর রহমান।
এ বিষয়ে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান জানান, বিক্ষোভ মিছিলে কতিপয় নেতাকর্মী বিচ্ছিন্নভাবে অশোভন ও কুরুচিপূর্ণ শ্লোগান দেয়। তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও কুরুচিপূর্ণ শ্লোগান দেয়।
তিনি বলেন ঐদিন বিক্ষোভ মিছিলের পরই জাতীয় পার্টি উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তে ওই সকল নেতাকর্মীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। তাদের জবাব স্পষ্ট না হলে জাতীয় পার্টি থেকে তাদের বহিস্কার করা হবে।
একইসাথে কতিপয় নেতাকর্মীর এহেন অশোভন আচরণের জন্য আমিসহ উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছি।
প্রসঙ্গত গত ১০ জুলাই জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি-জ্বালানি তেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করে জাতীয় পাটি। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
-বাবু/ফাতেমা