প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৩:২৫ পিএম (ভিজিট : ৩০৪)

X
পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি মামলা থেকে বাঁচতে জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার (১১ আগস্ট) লিখিত আবেদন জানিয়েছেন মো. আ.খালেক খান।
আ.খালেক খান (৭৫) হচ্ছেন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের মৃত. সেরাজ আলী খানের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা মোসা. রাশিদা বেগম, মোসা. খাদিজা বেগম গং এলাকায় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। আ. খালেক খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার নিরীহ মানুষের জমি দখলের চেষ্টায় রাশিদা বেগম ও খাদিজা বেগম গং আমাদের নামে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা, ফৌজদারী মামলা, নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দিয়ে গ্রামের নিরীহ মানুষদেরকে এলাকা ছাড়া করে জমি দখল ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।
প্রতিবাদ করলে আমাদের উপর চড়াও হয় তারা। এ বিষয়ে একাধিকবার ইউনিয়ন চেয়ারম্যান ও থানায় শালিসীর ব্যবস্থা করলেও রাশিদা বেগম ও খাদিজা বেগম গং শালিসীতে না বসে উল্টো আমাদের নামে আরো মামলা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে এলাকার সাধারণ মানুষের পক্ষে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে হয়রানী মামলা থেকে বাঁচতে একটি লিখিত আবেদন করি। গ্রামের অধিকাংশ মানুষই গরিব। তারা হয়রানি মামলা থেকে রেহাই পেতে চায়।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে রাশিদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ মামলা। এখানে আমাদের জমি আছে। এ বিষয়ে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবীব বিশ্বাস বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।
-বাবু/শোভা