প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৮:১১ পিএম (ভিজিট : ৫০১)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ শতাধিক অসহায় ছিন্নমূল মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে। সংগঠনটির ৫ম বছরে পদার্পন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দেন আত্মীয় এর সংগঠক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান। বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে ছিন্নমূল অসহায় মানুষও খুব খুশি হয়েছেন।
এসময় আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমন্বয়ক সমীর চক্রবর্তী, সমন্বয়ক শেখ দিপুর, সুজন সাহা, রাকিব হাসান, ইসমাঈল হোসেন, নূরে আল চৌধুরী, শেখ আল আমিন, আল মামুন চৌধুরী, দুলন ঘোষ, মমতা ঘোষ, আশরাফুল ইসলাম চৌধুরী, অনিক চক্রবর্তী উপস্থিত থেকে চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।
আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী বলেন, ২০১৮ সালে স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে আত্মীয় সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠনে দুই হাজারের অধিক সদস্য রয়েছে। ইতিমধ্যে ১০৫৯ জনকে রক্তদান করা হয়েছে। রক্তদান ছাড়াও সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক কাজে জড়িত রয়েছে।
এর আগে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের মাঝে মৌসুমী ফল বিতরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি ফুল এবং ফলের গাছ লাগানো হয়।
-বাবু/ফাতেমা