প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭:৩৯ পিএম (ভিজিট : ৫৫৫)

X
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রতীক্ষার ৬০ বছর পর এসেছে যুগান্তকারী পরিবর্তন। আর এ পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রথম চালু হলো হাসপাতালে সিজার ও অপারেশন কার্যক্রম। এক প্রসূতি মহিলার সফল সিজারের মাধ্যমে মেয়ে সন্তান প্রসব করানোর মধ্য দিয়ে এ ইতিহাসের সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রুবিনা খাতুন এর সিজারের মাধ্যমে অস্ত্রোপচার কার্যক্রমের শুভ সূচনা হয়। আর এ সফলতায় খুশি দূরদূরান্ত থেকে আসা রোগীর স্বজনসহ অত্র উপজেলার মানুষজন। আনন্দে ভাসছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সফলতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী গর্ভবতী মায়েদের আর জেলা শহরের হাসপাতাল বা ক্লিনিকের উপর নির্ভর করতে হবে না। চিকিৎসা জনিত অবহেলায় ঝরবেনা কোন অসহায় গর্ভবতী মায়ের প্রাণ। এছাড়াও হাসপাতালে এক্সরে,ইসিজিসহ প্রায় ১৫ রকমের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও চালু করা হয়েছে।
এ সফল অস্ত্রপচার কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হুদা খানকে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনী) ডা. শারমিন আক্তার, (এনেস্থিসিয়া) ডা. আফরোজা শাহীন, ডা. সুমি, ডা. সায়মা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার বসাক, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দোলন, মেডিকেল অফিসার ডা. জাহিদ, নার্সিং সুপারভাইজার শিপ্রা রাণী এবং অন্যান্য মিডওয়াইফ বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হুদা খান এ সফলতার প্রেক্ষিতে বলেন" মাননীয় সাংসদ ফখরুল ইমাম মহোদয়ের আগ্রহের মাধ্যমে এ কঠিন কাজটি সম্ভবপর হয়েছে। এজন্য আশেপাশের বহু স্বার্থান্বেষী মহলের ক্রমান্বয়িক ষড়যন্ত্র কটুক্তি ও শত্রুতাকে বরাবরই নিকুচি করেছি। সকলের দোয়া চাইছি যেন আপনাদের নতুন এম্বুলেন্স আয়োজন করা সহ আরো ভাল কোন পদক্ষেপের সাথে আমার অংশগ্রহন থাকতে পারে। তিনি এ সফলতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-বাবু/ফাতেমা