প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৮:২৬ পিএম (ভিজিট : ২৭৮)

X
ঢাকার আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য মোঃ নাছির উদ্দিন (২৪) কে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়াছেন আশুলিয়া থানা পুলিশ। এরআগে, মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোঃ নাছির উদ্দিন ঝিনাইদহের মহেষপুর থানার শ্যামকুর গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় রুবেল মাতাব্বরের বাড়িতে থেকে হাজী দেলোয়ার হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর ডিএডি পুলিশ পরিদর্শক আবুল হোসেন মিয়া জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন 'আনসার আল ইসলাম' এর কজন সদস্য আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থান করে গোপন বৈঠক করছেন। সেই তথ্যের ভিত্তিতে গতকাল ২৩ আগস্ট রাত ১১ টার দিকে অভিযান পরিচালনা করে নাছির উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে এসময় র্যাব এর উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই নোমান সিকদার বলেন, র্যাব আমাদের কাছে আসামিকে হস্তান্তর করার পর একটি মামলায় অন্তর্ভুক্ত করে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
-বাবু/ফাতেমা