প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৯:১২ পিএম (ভিজিট : ২৭১)

X
কুড়িগ্রামের রৌমারীতে গাছের চাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহালমের ছেলে ও চর শৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নানাবাড়ি (বাইটকামারী) থেকে বিদ্যালয়ের উদ্দ্যেশ্যে বাই সাইকেল যোগে রওনা হয় রাব্বি। এসময় পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে অতর্কিতভাবে গাছ কাটতে থাকা কাঠুরিয়াদের একটি গাছ আকস্মিকভাবে তার উপর আঘাত হানে। পরে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের দানেজ উদ্দিনের পুত্র খাদেম আলী (৩০), পূর্ব খেদাইমারী গ্রামের আক্তার আলীর পুত্র মাইদুল ইসলাম (৩৮) ও একইগ্রামের মজিবর রহমানের পুত্র কামাল হোসেন (৩৪)।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা.মাসুদ কবীর জানান, হাসপাতালে নিয়ে আসার আগে রাব্বির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
এ ব্যাপারে রৌমারী থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ওসি স্যার কড়িগ্রাম থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-বাবু/শোভা