প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ২:১৮ পিএম (ভিজিট : ২৯২)

X
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকাশ মজুমদার, মাগুরা ডিইউ স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান, সাংবাদিক রূপক আইচ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজ। সমাবেশটি পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক নাফিসা নাওয়ার নিঝুম।
শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ বলেন, দৈনিক নগদ মজুরি ৩০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে চা শ্রমিকরা গত ১৭দিন যাবত কর্মবিরতী পালন করছে। খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের অগ্নিমূল্যের এই বাজারে ১২০ টাকা মজুরিতে কিভাবে সংসার চলে? শ্রমিকরা মজুরিবিহীন রেশনবিহীন অবস্থায় অর্ধাহার-অনাহারে দিনযাপন করে ৩০০ টাকা মজুরির দাবি উত্থাপন করছে। সেই সময় রাষ্ট্রের জমি ইজারা নিয়ে মালিক বনে যাওয়া ইজারাদাররা সোনারগাঁ হোটেলে বসে হাজার টাকা দামের চায়ের কাপে চুমুক দিয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা ঘোষণা করে শ্রমিকদের আন্দোলন নিয়ে উপহাস করছেন।
প্রকৌশলী শম্পা বসু বলেন, বাগান মালিকদের ভাষ্য অনুসারে শ্রমিকদের আন্দোলনের ফলে দৈনিক ২০ কোটি টাকার চা পাতা নষ্ট হচ্ছে। অর্থাৎ চা শ্রমিকরা প্রতিদিন ২০ কোটি টাকার চা পাতা উত্তোলন করে। তার বিপরীতে ১ লক্ষ ৪ হাজার স্থায়ী আর ৩৬ হাজার অস্থায়ীসহ মোট ১ লক্ষ ৪০ হাজার শ্রমিকের মজুরির জন্য ব্যয় করে মাত্র ১ কোটি ৬৮ লক্ষ টাকা। ৩০০ টাকা হারে নগদ মজুরি আর অন্যান্য সুবিধাসহ মজুরি বাবদ দৈনিক ৪০০ টাকা ব্যয় করলেও দৈনিক মোট ব্যয় হবে ৫ কোটি ৬০ লক্ষ টাকা আর উদ্বৃত্ত থাকবে ১৪ কোটি ৪০ লক্ষ টাকা। অর্থাৎ বাগান মালিকদের এরপরও অনেক মুনাফা থাকছে।
সমাবেশ থেকে অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।
-বাবু/শোভা