
X
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া—৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িকতা বাংলাদেশের ১নম্বর শত্রু।
ভারত বাংলাদেশ সম্পর্কের সাথে সাম্প্রদায়িকতার কোন সম্পর্ক নেই। কারণ ভারত একটি স্বাধীন রাস্ট্র, বাংলাদেশ একটি স্বাধীন রাস্ট্র। তার একটি সরকার আছে, আমার একটি সরকার আছে। ভারত সরকারের নীতি এবং পরিচালক বিধি আছে, আমার সরকারেরও ঠিক তেমনই নীতি এবং পরিচালক বিধি আছে। যে যেই নীতি অনুসরন করে সে সেই নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে। কিন্তু আন্তরাস্ট্রীয় যে সম্পর্ক তার সাথে সাম্প্রদায়িকতার কোন সম্পর্ক নেই।
তবে সাম্প্রদায়িকতা বাংলাদেশের ১ নম্বর শত্রু। জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের ওই আলোচনা সভায় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাদের সাম্প্রদায়িক শক্তির সাথে সম্পর্ক রয়েছে। তারা যদি বলতে পারে সাম্প্রদায়িক শক্তির সাথে আমাদের কোন সম্পর্ক নেই, তাহলে কালকেই সাম্প্রদায়িক শক্তি ব্রাহ্মণবাড়িয়ায় মুখ থুবড়ে পড়বে।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও কথাসাহিত্যিক মানিক রতন শর্মা এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল—মামুন সরকার, কথা সাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আখতার হোসেন সাঈদ ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাড. কাজী মাসুদ আহমেদ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন রম্যলেখক পরিমল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আছরারোননবী মোবারক, ফারুক আহাম্মদ ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহাম্মদ, আবদুর রহিম, আবু হানিফ, রিপন দেবনাথ। কবিতা আবৃত্তি পর্বে অংশগ্রহণ করেন মোঃ মনির হোসেন, সাঈদ সরকার ও অরিদ্বিতী মোদক।
আলোচনা শেষে সাহিত্য একাডেমির পরিবেশনায় গ্রন্থনা ও নির্দেশনা সোহেল আহাদ ও সহযোগী নির্দেশনা নুসরাত জাহান বুশরা " মানচিত্রে মহানায়ক বঙ্গবন্ধু" বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করেন নুসরাত জাহান বুশরা, সাঈদ সরকার, রোকসানা আক্তার তৃপ্তি, আমানুল্লাহ, রামিম, সাফা, নুহা, মায়মুনা, পূন্নশ্রী, পূর্ণিমা, বর্ষা ও সাবা।
উল্লেখ্য শোকের মাসে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করে সাহিত্য একাডেমি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিচালনা করেন সোহেল আহাদ।
-বাবু/শোভা