প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৫ পিএম আপডেট: ০১.০৯.২০২২ ৫:১৭ পিএম (ভিজিট : ৩০৩)

X
সিরাজগঞ্জে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা এগারটা থেকে ঘন্টাব্যাপি শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় যুবদল কর্মী রনিসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্য্যালয় ও ভাসানি মিলনায়তন প্রাঙ্গনে সমবেত হয়। জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার শেষ সময়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপি কর্মীরা বিশৃঙ্খলা শুরু করে ও একটি ককটেল বিস্ফোরন ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশের ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের সাত জনসহ অন্তত উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এর আগে জেলা বিএনপির সমাবেশ চলাকালে রাস্তায় তল্লাসি চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। জেলা বিএনপি কার্য্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্তি শান্ত রয়েছে বলে জানা গেছে । এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন কোন উস্কানী ছাড়াই পুলিশ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে হামলা চালিয়েছে । এতে আমাদের শতাধিক কর্মী আহত হয়েছে ।
বাবু/এসএম