
X
চাঁপাইনবাবগঞ্জে ১৯ টি স্পর্টে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিমতলায় সম্প্রসারিত ওএমএস কার্যক্রমের আওতায় এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
ছুটির দিন বাদে প্রতিদিন ৭ হাজার ৬০০ পরিবার ৩০ টাকা কেজি দরে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর, নাচোল ও ভোলাহাট পৌরসভায় এ চাল কেনার সুযোগ পাবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি জানান, টিসিবি ও পরিবার কার্ডধারীরা মাসে ২ বার ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। চালের বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে কমমূল্যে চাল দিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, এ মাসেই জেলাব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারের এই মহান উদ্যোগের ফলে এ জেলার প্রায় ৬০ হাজার জন প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবেন। এই কর্মসূচিতে জেলা খাদ্য বিভাগ প্রায় ১ হাজার ৮০০ মে.টন চাল কেবল সেপ্টেম্বর মাসেই বিতরণ করবে, যা পরবর্তী মাসেও চলমান থাকবে।
তিনি জানান, ওএমএস কার্যক্রমে জেলার ১ লাখ ৬৭ হাজার ২০০টি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬০ হাজারটি, ভিজিডি কর্মসূচির আওতায় ৯ হাজার ৫৭৬টি, টিসিবি কার্যক্রমের আওতায় ১ লাখ ৩০ হাজার ৩২৩টি পরিবারসহ ভিজিএফ কর্মসূচি, জরুরী সেবা ‘৩৩৩' এর মাধ্যমে খাদ্য সহায়তা, জেলে সম্প্রদায়ের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচিরসহ জেলার প্রায় ১৪ লাখ মানুষ প্রত্যক্ষভাবে সুবিধা ভোগ করছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, ওএমএস কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৬ টি, শিবগঞ্জ পৌরসভায় ৪ টি, রহনপুর পৌরসভায় ৪টি, নাচোল পৌরসভায় ৩ টি ও ভোলাহাট পৌরসভায় ২টি কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ওএমএস ডিলারগণ।
-বাবু/এ.এস