প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম (ভিজিট : ৪৪২)

X
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা সুন্দর এবং স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নির্মোহভাবে কাজ করবে বলে জানিয়েছেন কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, কক্সবাজার জেলায় মাদকের ডামাডোল। যা বাংলাদেশে অলমোস্ট সবাই জানে। মাদক এবং চোরাচালান নিয়ন্ত্রণ করাই হবে আমার অন্যতম মিশন। এটাকে শূন্যের কোটায় নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। এজন্য সকলের সহযোগিতায় একসঙ্গে কাজ করতে চাই। জেলার আইন-শৃঙ্খলা সুন্দর এবং স্বাভাবিক রাখা আমার অন্যতম কাজ হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এসব কথা বলেছেন।
তিনি বলেন, পেশাদারিত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। সন্ত্রাসবাদ ও উগ্রবাদী কর্মকান্ডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি থাকবে। প্রোএকটিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধীদের দমন করা হবে।
এসপি মাহফুজুল ইসলাম বলেন, জেলার সকল থানা হবে সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল। কোন ধরনের পুলিশি হয়রানির চলবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসপি বলেন, জমে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়া আমার অন্যতম দায়িত্ব হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা। কে কোন ধরণের অপরাধে জড়িত, কারা মানব পাচার করছে কিংবা কারা উগ্রবাদীতার দিকে ধাবিত হচ্ছে, আপনারা অবগত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিছপা হব না। দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা চাই।
পুলিশি সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা উন্নত করতে জেলার প্রত্যেকটা নাগরিকের কাছে সহযোগিতা কামনা করেন এসপি মোঃ মাহফুজুল ইসলাম।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস